বিএনপির রাজনীতির মূল লক্ষ্য ভেদাভেদ দূর করে সমতা ও সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এবং দেশের জন্য নতুন গৌরবের সূর্যোদয়ের সময় এসেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের নানা সমস্যা রয়েছে। তবে সঠিক পরিকল্পনা থাকলে এসব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, বিএনপি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, মেধার যথাযথ মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার নিশ্চিত করতে চায়। শোষণের পরিবর্তে অধিকার প্রতিষ্ঠার নীতিতে বিএনপি বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায় যেখানে নেতার আগে থাকবে জনগণ। তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও মতামত বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা।