ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনায় তিন নাবালিকা বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নিহত তিন বোন হলেন—বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। ঘটনার আগে তারা নিজেদের কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। ভোরে আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় বিষয়টি কেউ টের পাননি। পরে ভবনের নিচে ভারী কিছুর পড়ার শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে।
পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, তিন বোন ইতোমধ্যে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন দীর্ঘদিন ধরে একটি কোরিয়ান অনলাইন গেমে অতিমাত্রায় আসক্ত ছিল। করোনাকালীন সময় থেকে তাদের গেমের প্রতি আসক্তি বাড়তে থাকে, যার ফলে তারা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি তারা নিজেদের নামও গেমের প্রিয় চরিত্রের আদলে কোরিয়ান নাম ব্যবহার করত।
গেম আসক্তির কারণে তাদের দৈনন্দিন আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। খাওয়া, ঘুমানো, গোসলসহ প্রায় সব কাজ তারা একসঙ্গেই করত। বিষয়টি নিয়ে পরিবারে একাধিকবার উদ্বেগ ও মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ, যেখানে কান্নার ইমোজি ব্যবহার করে লেখা ছিল—
‘দুঃখিত, বাবা।’
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানতে পরিবার, প্রতিবেশী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনা আবারও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত অনলাইন গেম আসক্তি এবং পারিবারিক সচেতনতার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।