রাজনীতির উত্তপ্ত সময়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতের পর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং এগুলো পরীক্ষা করা হচ্ছে।
কয়েকদিন আগে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী একটি পোস্ট প্রকাশ পায়, যা ভোটের প্রচারণাকে ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে জামায়াত দাবি করে, তাদের দলের প্রধানের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। প্রতিনিধি দলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম অভিযোগ করেন, হ্যাকিংয়ের জন্য বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি বঙ্গভবনের রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেছেন এবং ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবনের পক্ষ থেকে কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।