কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব হেডকোয়ার্টারের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে হাতেনাতে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ১২ জনকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।