দীর্ঘদিনের দূরত্ব, বিভাজন ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সিলেট-২ আসনে আবারও ঐক্যবদ্ধ হলো বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দ্বিধা ও বিভক্তি কাটাতে উদ্যোগী হন সিলেট জেলা বিএনপির নেতারা। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে সিলেট নগরীর লামাবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক।
বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ূম চৌধুরী। সভায় অংশ নেন সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী।
সমন্বয় সভায় বক্তারা জানান, ইলিয়াস আলীর গুমের পর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় অনেক সিনিয়র নেতা দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন। কেউ কেউ নির্বাচনে সফল হলেও অনেকে দল ও ক্ষমতা—দুটোই হারান। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতির মুখে পড়ে এবং নেতাদের মধ্যে দূরত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ে।
সম্প্রতি বিএনপি অতীতের অনেক ভুল ক্ষমা করে দীর্ঘদিন বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেয়। তবে সিলেট-২ আসনে ঐক্য প্রতিষ্ঠা সহজ ছিল না। এই প্রেক্ষাপটেই সমন্বয় বৈঠকটি অনিবার্য হয়ে ওঠে। বৈঠকে অংশ নেওয়ার মাধ্যমে দূরে থাকা নেতারা আবারও লুনার নেতৃত্বে একত্রিত হন।
সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিপীড়ন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু মাথানত করেনি। তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, “এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বঞ্চনার অবসান ঘটাতে বিএনপির কোনো বিকল্প নেই।” তিনি নেতাকর্মীদের ঐক্য, সততা ও আন্তরিকতার সঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানান।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ব্যারিস্টার আবরার ইলিয়াসসহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতারা জানান, এই ঐক্যের বার্তা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, প্রচারণায় গতি এসেছে এবং নির্বাচনী মাঠের পরিবেশও বদলে গেছে। এখন সিলেট-২ আসনে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।