ইতালির রাজধানী রোমে মেট্রো ট্রেনে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইতালির রোমে ভ্রমণে আসা এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) রোম মেট্রোর একটি ট্রেনে ভ্যাটিকান সিটির দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চলন্ত ট্রেনের ভেতরে অভিযুক্ত যুবক ওই নারী পর্যটককে স্পর্শ করে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের যাত্রীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে ভিত্তোরিও ইমানুয়েল মেট্রো স্টেশন থেকে অভিযুক্তকে আটক করা হয়।
তদন্তে উঠে এসেছে, ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড রয়েছে। ২০২৪ সালে একটি বাসে এক নারী যাত্রীকে হেনস্তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ ঘটনায় গুরুতর যৌন সহিংসতার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ইতালির সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান। অভিবাসন ও অপরাধ বিষয়ে কট্টর অবস্থানের জন্য পরিচিত এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন।