দীর্ঘদিন পর পুনরায় মিশরের মাটিতে পা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারী। দেশটিতে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল আজহার মিশর শাখা’-এর আমন্ত্রণে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান দারুল আজহার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল বাসারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরাও উষ্ণ অভ্যর্থনায় তাদের প্রিয় ব্যক্তিত্বকে বরণ করে নেন।
দারুল আজহার সূত্রে জানা যায়, সফরকালে ড. মিজানুর রহমান আজহারী মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ইসলামী শিক্ষা, সমাজ ও সমসাময়িক নানা চ্যালেঞ্জ নিয়ে একাধিক আলোচনা সভা এবং দাওয়াহভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তার এই আগমনে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী মহলে ব্যাপক উৎসাহ ও আবেগের সঞ্চার হয়েছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. মিজানুর রহমান আজহারী ছাত্রজীবনের অধ্যবসায়, সাধনা ও গভীর মননশীলতার মধ্য দিয়ে ইসলামী দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি সম্মানজনক ও স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।
আল-আজহারের প্রাক্তন শিক্ষার্থীর এই আগমন যেন তাকে নতুন এক পরিচয়ে উপস্থাপন করেছে—একজন পরিণত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সমাজচিন্তায় নিবেদিত ব্যক্তিত্ব হিসেবে। অতীতের স্মৃতি ও বর্তমান দায়িত্বের সম্মিলনে তার এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একসময়ের আজহারি শিক্ষার্থীর এই সফর কেবল ভৌগোলিক প্রত্যাবর্তন নয়; বরং এটি দীর্ঘ জ্ঞানচর্চা, সাধনা ও দাওয়াহভিত্তিক পথচলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিফলন। তার এ সফরে মিশরে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে নতুন প্রত্যাশা, অনুপ্রেরণা ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা।