আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোনো কেন্দ্রে যদি ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা কিংবা দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কেউই দায় এড়াতে পারবে না।
বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনের দিন সহিংসতা রোধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়—সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটগ্রহণের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। তাঁরা কোনো দলের তোষামোদ বা লেজুড়বৃত্তিতে জড়াবেন না। পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে তাঁদের মূল লক্ষ্য।
শেরপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীদের গ্রেপ্তারে কখনো কখনো সময় লাগলেও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন হবে সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য।
নির্বাচনের দিন মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার বিষয়ে তিনি বলেন, এটি ভোটারদের নিরাপত্তা ও সহায়তার অংশ। বিশেষ করে বয়স্ক বা অসুস্থ ভোটারদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে, যা কোনো শঙ্কার কারণ নয় বরং মানবিক উদ্যোগ।