চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন।
এর আগে নিউমুরিং টার্মিনাল পরিচালনা নিয়ে হাইকোর্টে ভিন্নমতপূর্ণ রায় আসায় বিষয়টি জটিলতা সৃষ্টি করে। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ বিষয়ে পৃথক মত প্রদান করেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
সর্বশেষ রায়ে হাইকোর্ট ওই চুক্তিকে বৈধ বলে ঘোষণা করায় নিউমুরিং টার্মিনাল পরিচালনার পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।