কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানের কোনো আরোহীই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহতদের মধ্যে কলম্বিয়ার একজন পার্লামেন্ট সদস্য, একজন নির্বাচনি প্রার্থী এবং বিমানের দুই ক্রু সদস্য রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়।
প্রতিবেদনে বলা হয়, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পায়।
উল্লেখ্য, কুকুটা ও এর আশপাশের অঞ্চল পাহাড়ি এবং আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বিমান চলাচল প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া এই এলাকার কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএ)–এর নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।