দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রায় ১৪ বছর পর এ রুটে নন-স্টপ ফ্লাইট চালু হচ্ছে, যা প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন পরিচালিত হবে।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। ট্রানজিট ছাড়াই সরাসরি যাতায়াতের ফলে যাত্রীদের ভ্রমণ সময় যেমন কমবে, তেমনি খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাউন্ড ট্রিপে যাত্রীদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। পরে করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
এর আগে যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো। ঢাকা থেকে করাচি ১ হাজার ৪৭১ মাইল দূরত্বে এই রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নন-স্টপ ফ্লাইটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। পরবর্তী ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বুকড রয়েছে। তার মতে, সরাসরি ফ্লাইট যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময় সাশ্রয়ী ভ্রমণের সুযোগ এনে দেবে।
দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হওয়ায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ধারণা, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এভিয়েশন বিশ্লেষক ও দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এই রুট চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন করে এই রুট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় ভ্রমণ করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।