রাজধানী ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে আরও দুটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।