চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে মিসবাহ নামে পাঁচ বছরের এক শিশু নিচে আটকে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির অবস্থান মাটির প্রায় ৩০ ফুট গভীরে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, নলকূপের গর্তের ভেতরে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই উদ্ধার টিম ঘটনাস্থলে পাঠানো হয়। শিশুটিকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে গাছ বা বাঁশ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার পরামর্শ দিচ্ছেন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যু হয়। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।