প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা বাস্তবসম্মত নয়; বরং এটি এক ধরনের দাসপ্রথার মতো। তিনি মনে করেন, তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে এবং সরকারকে এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দেবে।
ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। সেই ক্ষোভের ফলেই এক শক্তিশালী সরকারের পতন ঘটে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল খাতই মূল চালিকাশক্তি, কারণ এই খাত থেকেই অন্যান্য সব খাতে পরিবর্তনের প্রভাব পড়বে।
জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে জালিয়াতির কারণে আন্তর্জাতিকভাবে নেতিবাচক পরিচিতি পেয়েছে, যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই জালিয়াতির সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সক্ষমতা আমাদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি প্রশাসন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয়। এতে তাদের মানসিকতা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা নষ্ট হয়। তিনি মত দেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে গড়ে তোলা প্রয়োজন। কারণ সময়ের সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা পুরোনো চিন্তাভাবনা নিয়েই প্রতিষ্ঠানে বসে থাকে।