পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতারা একের পর এক ভিডিও ফাঁসের বিতর্কে জড়িয়ে পড়ছেন। সর্বশেষ এ ধরনের আলোচনায় এসেছে টিকটকার আলিনা আমিরের নাম। তাকে ঘিরে একটি কথিত ‘ফাঁস হওয়া ভিডিও’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।
প্রথমে কিছু চটকদার পোস্ট ও বিভ্রান্তিকর থাম্বনেইল ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি সামাজিক মাধ্যমে বড় ঝড়ে রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, আলিনা আমিরকে এ নিয়ে মুখ খুলতে হয়।
‘সরসরাহত’ নামে একটি ভাইরাল ক্লিপের মাধ্যমে পরিচিতি পাওয়া আলিনা হঠাৎ করেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রে চলে আসেন। বিভিন্ন প্ল্যাটফর্মে তার নামে একটি ‘ব্যক্তিগত ভিডিও ফাঁস’ হওয়ার দাবি ছড়িয়ে পড়ে। এসব পোস্টে অশ্লীল কনটেন্টের ইঙ্গিত দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করা হচ্ছিল। বহু মানুষ কৌতূহলবশত এসব লিংকে প্রবেশ করলেও সেখানে প্রকৃতপক্ষে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যই পাওয়া যায়।

এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে আলিনা আমির স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যে ভিডিওটি তার নামে ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি জানান, শুরুতে এক সপ্তাহ তিনি নীরব ছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু শত শত পোস্টে একই মিথ্যা দাবি ঘুরতে থাকায় শেষ পর্যন্ত তাকে কথা বলতে হয়েছে।
এ ঘটনাকে তিনি ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, যাচাই ছাড়া মিথ্যা তথ্য কত দ্রুত ছড়িয়ে পড়ে, এই ঘটনা তারই উদাহরণ। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ভিত্তিহীন কনটেন্ট শেয়ার করা শুধু একজন পরিচিত ব্যক্তির ক্ষতি করে না, তার পরিবারকেও দীর্ঘমেয়াদি ভোগান্তির মুখে ফেলে।
আলিনা আমির পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন, নারীদের লক্ষ্য করে এআই-নির্ভর ভুয়া ও অশ্লীল কনটেন্ট তৈরি ও ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।
তিনি আরও বলেন, ডিজিটাল হয়রানি শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক সাধারণ মানুষও এ ধরনের ভুয়া কনটেন্টের শিকার হন, যাদের পক্ষে আইনি লড়াই করা বা প্রভাব খাটানো সম্ভব হয় না। এতে তাদের পরিবার মারাত্মক মানসিক আঘাত পায় এবং সুনাম স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সহায়ক তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন আলিনা আমির।