হাইকোর্টের আদেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া আবারও কুমিল্লা–১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের লড়াইয়ে ফিরেছেন।
রোববার হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে নির্বাচন কমিশনকে (ইসি) মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশের ভিত্তিতে মোবাশ্বের ভূঁইয়ার প্রার্থিতা যাচাই করে তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, তবে দল মনোনয়ন দেয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়াকে। পরে গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্ব গোপনের অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
ঋণখেলাপি ও দলীয় প্রত্যয়নপত্র না থাকার অভিযোগে মোবাশ্বের ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়, তবে তিনি হাইকোর্টে রিট করলে আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করেন। মোবাশ্বের জানান, তাঁর ঋণ গত ডিসেম্বরেই পুনঃতফসিল হয় এবং তিনি সব বকেয়া পরিশোধ করেছেন।
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘শেষ পর্যন্ত দল আমাকে মনোনয়ন দিয়েছে—এটা আল্লাহর বিশেষ রহমত। আমি কখনো দলের বাইরে যাব না। কুমিল্লা-১০ আসন ধানের শীষের ঘাঁটি, ইনশা আল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব।’
এর আগে গত ২৫ জানুয়ারি রাতে কুমিল্লায় বিএনপির ভার্চুয়াল সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মোবাশ্বের ভূঁইয়াকে নতুন প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।