আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে থাকবেন ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক। দেশীয় পর্যবেক্ষকরা ৮১টি নিবন্ধিত সংস্থার প্রতিনিধিত্ব করবেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনগুলোর প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। এতে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।
তিনি আরও জানান, নির্বাচন ও গণভোটে ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকবেন প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।