প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৫ জানুয়ারি) শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
ছয় ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আসর শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। এই সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ফাইনাল ম্যাচে গোলবন্যা
থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে শিরোপা জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দলটি। যদিও চতুর্থ মিনিটে মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দুই মিনিটের মধ্যেই অধিনায়ক সাবিনা খাতুন গোল করে সমতা ফেরান।
১৪ মিনিটে সাবিনার আরেক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণভাগ ভেঙে পড়ে। কৃষ্ণা রানী, নওসন জাহান ও লিপি আক্তারের জোড়া গোলে প্রথমার্ধ শেষ হয় ৬-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে বাংলাদেশ। ২৩ মিনিটে সাবিনা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং পরে আরও একটি গোল করে ম্যাচে চার গোলের কৃতিত্ব দেখান। সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও মেহেরুন আক্তার একটি করে গোল করেন। লিপি আক্তার হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং কৃষ্ণা রানীও যোগ করেন নিজের দ্বিতীয় গোল। শেষদিকে মাসুরা পারভীন দুই গোল করে নিজের ভুল শোধরান। মালদ্বীপের হয়ে মারিয়াম নুরা একটি গোল করেন।
পুরো আসরজুড়ে দাপট
টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করে দলটি। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করে। এরপর নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে হারায় সাবিনার দল। পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বড় জয় পায় বাংলাদেশ।