আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে গণসংযোগ ও নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাঁর এ সফরসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আকাশপথে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের। রাতটি তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন। আগামীকাল রোববার বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেবেন তিনি।
দিনের বাকি সময় তিনি ধারাবাহিকভাবে চার জেলায় মোট ছয়টি জনসভায় যোগ দেবেন। বিকেল চারটায় ফেনী পাইলট স্কুলের খেলার মাঠে জনসভা শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কুমিল্লায় আরও দুটি জনসভা হবে—একটি সন্ধ্যা সাতটায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
কুমিল্লার কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে রাত সাড়ে ১১টায় শেষ জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দিনের সব কর্মসূচি শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার তিনি শুরু করেছেন ২২ জানুয়ারি সিলেট থেকে; সেদিন সিলেটসহ আরও ছয় জেলায় সমাবেশ করে ঢাকায় ফেরেন তারেক রহমান।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঢাকা–১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়ছেন তারেক রহমান। গতকাল শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানের জনসভায় নিজের নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বক্তব্য রেখেছেন তিনি, যেখানে নির্বাচনি অঙ্গীকার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।