স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। সর্বশেষ ঘোষণায় ভরি প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে, যা দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকায় দেখা যায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
উল্লেখ্য, টানা তিন দফা বড় মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় বাজুস ভরি প্রতি ৩ হাজার ১৪৯ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছিল। সেই কমানো দর শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টার ব্যবধানে আগের ঘোষণাকে ছাপিয়ে দ্বিগুণের বেশি বাড়িয়ে নতুন এই সর্বোচ্চ দর নির্ধারণ করা হলো।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং দেশের বাজারে তেজাবী স্বর্ণের সংকট এই হঠাৎ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ফলে স্বর্ণের বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।