রমজান মাস শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আগাম প্রভাব পড়তে শুরু করেছে। রোজায় বেশি ব্যবহৃত ছোলা, ছোলার ডাল ও চিনির দাম বাড়ছে। পাশাপাশি মুরগি, ডিমসহ প্রোটিনজাত পণ্যের দামও ঊর্ধ্বমুখী। তবে শীতকালীন সবজি ও দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় এসব পণ্যে তুলনামূলক স্বস্তি পাচ্ছেন ভোক্তারা।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত এক মাসে খুচরা বাজারে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, যা এক মাস আগেও ছিল ৮৫ থেকে ৯০ টাকা। একই সময়ে ছোলার ডালের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিতে ১০৫ থেকে ১১০ টাকা।
চিনির বাজারেও সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কয়েক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি চিনি ৯০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এখন দাম বেড়ে ১০০ থেকে ১০৫ টাকায় উঠেছে। ব্যবসায়ীরা জানান, খোলা সয়াবিন তেলের সরবরাহে গত সপ্তাহে কিছুটা ঘাটতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত সপ্তাহে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও বাড়তি চাপ দেখা গেছে—প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা আগে ছিল ১১০ থেকে ১১৫ টাকা।
অন্যদিকে, শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় বেশির ভাগ সবজির দাম এখনও নাগালের মধ্যে রয়েছে। বাজারে নতুন আলু কেজিতে ২৫ থেকে ৩০ টাকা, পুরনো আলু ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় দামও তুলনামূলক কম—প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা।
সবজির মধ্যে শিম ৪০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, টমেটো ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা এবং পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। করলা ও কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি—করলা ৮০ থেকে ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে লম্বা লাউয়ের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আকারভেদে প্রতি পিস লম্বা লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। লেবুর দামও চড়া—মাঝারি আকারের লেবু হালি প্রতি ৪০ থেকে ৫০ টাকা।
ভোক্তারা বলছেন, রমজান সামনে রেখে বাজারে নজরদারি বাড়ানো না হলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।