রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবরটি জানান।
উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ অনুমোদনের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই রাজধানীর সংশ্লিষ্ট কলেজগুলোতে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষার্থীরা এটিকে তাঁদের দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনে অধ্যাদেশ অনুমোদনের খবর পৌঁছায়। খবরটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমাদের দেড় বছরের দীর্ঘ আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজেই ফোন করে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ এই অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এক বড় অগ্রগতি অর্জিত হলো।