ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তার বিজ্ঞাপন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে বিতর্কিত বিষয় নিয়ে তৈরি ভিডিও থেকেও পুরো অর্থ আয় করা সম্ভব হবে, যদি সেগুলোতে কোনো কৃত্রিম নাটকীয়তা বা বীভৎসতা না থাকে।
আত্মক্ষতি, গর্ভপাত, আত্মহত্যা এবং পারিবারিক বা যৌন নিপীড়নের মতো সংবেদনশীল বিষয়গুলো এই নতুন নিয়মের আওতায় পড়বে। ইউটিউবের ‘ক্রিয়েটর ইনসাইডার’ চ্যানেলে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যা কনটেন্ট নির্মাতাদের আয় বাড়ানোর লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।
আগে এ ধরনের ভিডিওতে প্রায়শই ‘হলুদ ডলার’ চিহ্ন দেখা দিত, যা পূর্ণ আয়ের পথে বাধা সৃষ্টি করত। কিন্তু নির্মাতাদের অভিযোগের পর নীতি শিথিল করা হয়েছে, যাতে সাধারণ বর্ণনা বা কাল্পনিক গল্প থেকে আয়ের সুযোগ বাড়ে। তবে শিশু নিপীড়ন বা খাদ্যাভ্যাসজনিত রোগের মতো বিষয়ে কড়াকড়ি অব্যাহত থাকবে এবং সেখান থেকে কোনো আয় সম্ভব হবে না।