ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেওয়া হয়।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, হাঁস তাঁর পছন্দের প্রতীক। বাড়িতেও হাঁস পালন করেন উল্লেখ করে তিনি জানান, এই প্রতীকটি তিনি নিজেই চেয়েছিলেন এবং পছন্দের প্রতীক পেয়ে তিনি আনন্দিত।
এদিকে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন,
“কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
উল্লেখ্য, ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।