রাজধানীর কড়াইল বস্তিবাসীদের জন্য মর্যাদাপূর্ণ ও স্থায়ী আবাসন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় বহুতল ভবন নির্মাণ করে দীর্ঘদিনের বাসিন্দাদের নামে ছোট ছোট ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্যে তারেক রহমান বলেন, “আপনারা অনেক কষ্ট করে এখানে বসবাস করছেন। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় গেলে কড়াইল এলাকায় উঁচু উঁচু ভবন নির্মাণ করব। এখানে দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর একটি তালিকা তৈরি করে তাঁদের নামে ফ্ল্যাট হস্তান্তর করা হবে, যাতে ঢাকা শহরের বুকে তাঁদের নিজস্ব একটি ঠিকানা থাকে।”
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, যার মধ্যে নিরাপদ আবাসন একটি গুরুত্বপূর্ণ অধিকার।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপির লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার ভেতরেই মানসম্মত ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে। পাশাপাশি নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি অতীতেও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও সে অঙ্গীকার বজায় থাকবে।
নিজের আবেগ প্রকাশ করে তারেক রহমান বলেন,
“বর্তমানে আমি গুলশানে থাকি। সে হিসেবে আপনারা আমার প্রতিবেশী। আমি আপনাদেরই সন্তান। স্বৈরাচারী সরকার আমার সেনানিবাসের বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে। এখন আমি আপনাদের আরও কাছাকাছি। আমৃত্যু আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী।