ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে রাজধানী ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। লালমাটিয়ার সরকারি আবাসিক ভবন ‘দোয়েল টাওয়ারে’ ১২শ’ থেকে ১৫শ’ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এই অনুদান দেওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে আবাসন সুবিধা নিশ্চিতে এক কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ দিয়ে রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে প্রায় ১২শ’–১৫শ’ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুদান বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় এবং তাদের আইনি উত্তরাধিকার নিশ্চিত হওয়ার শর্তে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে।
সরকারি নথি অনুযায়ী, বরাদ্দকৃত এক কোটি টাকার অর্থ দিয়ে শুধু ফ্ল্যাটটি ক্রয়ই নয়, তা প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহসজ্জার জন্যও ব্যবহার করা যাবে। আবাসন নিশ্চিতে এই উদ্যোগকে শহীদ হাদির পরিবারের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখা হচ্ছে।