ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি করে, তা মেনে নেওয়া হবে না—এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা সরকার বা ক্রিকেট বোর্ড জানে না।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে এমন কোনো লিখিত বা আনুষ্ঠানিক বার্তা পায়নি যে, ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের অবস্থানের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
ভারতে খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি অতীতের উদাহরণ টানেন। তার মতে, আগে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। একইভাবে বাংলাদেশও নিরাপত্তার যৌক্তিক কারণ দেখিয়ে ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায় চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা অনুচিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে রাজি না হয়, তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। বিবিসিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, এই বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গেও এখনো আইসিসির কোনো আলোচনা হয়নি।
এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এবং ভারতের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি আনুষ্ঠানিকভাবে এমন কোনো সময়সীমা নির্ধারণ করেনি।
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে গত ৪ জানুয়ারি থেকেই বিসিবি ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করে আসছে। তারা তাদের ম্যাচগুলো সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।