প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “প্রবাসীদের দেওয়া ঠিকানা সঠিকভাবে শনাক্ত করা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশে অনেক পোস্টাল ব্যালট পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত এসেছে।”
পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা অভিযোগ ও বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, “পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার ফলে ভোটারের পরিচয় যাচাই নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”
নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ব্যালট পেপারে ৩৯টি প্রতীক রয়েছে, যার কিছু ভাঁজের মধ্যে পড়েছে। তবে ভোট গণনায় এতে কোনো সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, চলমান জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থাপনা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই কমিশন বারবার স্বচ্ছতা ও নিরাপত্তার আশ্বাস দিয়ে আসছে।