দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া আগুনে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দাবানলের ভয়াবহতায় ৫০ হাজারের বেশি মানুষ নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয়েছেন।
চিলি সরকার জানিয়েছে, বায়োবিও ও নুবলে অঞ্চলে একযোগে দুই ডজনের বেশি স্থানে সক্রিয় রয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার হেক্টর বা ৫০ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রোববার নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে প্রেসিডেন্ট বোরিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে সেনাবাহিনীও অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই শহরের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬০ হাজার। ইতোমধ্যে অন্তত ২৫০টি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, অতিরিক্ত তাপমাত্রা ও প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামনে কয়েক দিনে আবহাওয়া আরও প্রতিকূল হলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে।
বিবিসির প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, দাবানলে বহু গাড়ি পুড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘমেয়াদি খরা ও গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে দাবানলের ঝুঁকি বহুগুণে বেড়েছে।
চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এদিকে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-মধ্য চিলি বারবার ভয়াবহ দাবানলের শিকার হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একাধিক দাবানলে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১৩০ জনের বেশি মানুষ। তখন এটিকে ২০১০ সালের ভূমিকম্পের পর চিলির সবচেয়ে বড় জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।