দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় ডোমেইন ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে .bd ডোমেইন সেবায় বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিটিসিএল জানিয়েছে, জনপ্রিয় দুটি ক্যাটাগরির ডোমেইন রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি-তে সর্বোচ্চ ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এই মূল্যছাড় প্রযোজ্য হবে .bd Third Level domain (যেমন: abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd)—এই দুই ক্যাটাগরির ক্ষেত্রে।
এর ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় পর্যায়ের গ্রাহকেরা আগের তুলনায় অনেক কম খরচে নিজেদের ডিজিটাল পরিচিতি গড়ে তোলার সুযোগ পাবেন।
নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী, দুই অক্ষরের বেশি নামের .bd Third Level domain-এর রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এ ক্যাটাগরির ডোমেইন রিনিউয়াল বা নবায়ন ফি ১ হাজার ৬০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০ টাকা করা হয়েছে।
অন্যদিকে, দুই অক্ষরের বেশি নামের .bd Second Level domain-এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিটিসিএল কর্তৃপক্ষ মনে করছে, .com ডোমেইনের তুলনায় .bd ডোমেইন সহজলভ্য, পাশাপাশি এটি দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ গ্রহণযোগ্যতা বহন করে। বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র্যাংকিং পাওয়া, স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরি এবং দেশীয় গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই ডোমেইন কার্যকর ভূমিকা রাখে।
এছাড়া দেশীয় রেজিস্ট্রেশন নীতির আওতায় পরিচালিত হওয়ায় .bd ডোমেইন গ্রাহকদের জন্য তুলনামূলকভাবে আরও নিরাপদ বলেও উল্লেখ করেছে বিটিসিএল।
উল্লেখ্য, নতুন নির্ধারিত মূল্যহারের ওপর প্রযোজ্য হারে ভ্যাট যুক্ত হবে। একইসঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সকল নিয়মাবলী এবং বিটিসিএল কর্তৃপক্ষের বিদ্যমান সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
সীমিত সময়ের এই বিশেষ ছাড়ের মাধ্যমে দেশের ডিজিটাল পরিচয় আরও সুদৃঢ় হবে বলে আশা করছে বিটিসিএল কর্তৃপক্ষ।