আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৩ আসন (মৌলভীবাজার সদর ও রাজনগর) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানের সমর্থনে যুক্তরাজ্যে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ইস্ট লন্ডনের মায়েদা গ্রিল হলে বুধবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সর্বস্তরের জনগণ। সাবেক একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ওদুদ আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাকেরুজ্জামান ও সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৌলভীবাজার–৩ আসনে ধানের শিষের প্রার্থী এম নাসের রহমান একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রবাসে বসেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভায় সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ নির্বাচনী কৌশল নিয়ে মতবিনিময় করেন এবং প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শুরুর আগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।