আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে, এর মধ্যে একক বড় দল অংশ হিসেবে ১৭৯টি জামায়াতে ইসলামী ও এনসিপি ৩০টি আসনে লড়বে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আসনসংখ্যা ও বণ্টন চূড়ান্তের এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
অন্য দলগুলোর মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি ২টি এবং নেজামী ইসলামী পার্টি ২টি আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করা হয়।
তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।