ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের দলীয় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বক্তারা আরও বলেন, এই যোগদান চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।