রাজবাড়ীর পাংশা উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের পাংশা ফিলিং স্টেশন সংলগ্ন পশ্চিম কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (২০) এবং একই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সজিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কলেজ মোড় থেকে পাংশা ফিলিং স্টেশনের মাঝামাঝি একটি পকেট সড়ক দিয়ে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মিরাজকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান বলেন, “দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সড়কে ওঠার সময় দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। নিহতদের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক যানটি শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।