কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের প্রলোভন দেখিয়ে কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে—এমন অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকায় উন্নত ও স্বচ্ছল জীবনের আশ্বাস দিয়ে বাংলাদেশি প্রবাসীদের প্রলুব্ধ করছে। পরে সেই সুযোগে নানা প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
দূতাবাস জানায়, এসব প্রলোভনের ফাঁদে পড়ে কাতারে অবস্থানরত অনেক বাংলাদেশি ইতোমধ্যে সর্বস্বান্ত হয়েছেন। প্রতারণার শিকার হয়ে অনেকে দূতাবাসে অভিযোগও দাখিল করেছেন।
এমন পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য কাতারপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া এবং সংশ্লিষ্ট দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের প্রলোভনে পা না দিতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।