নরসিংদী জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের একাধিক টিম অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হয় এবং অপরাধ দমন ও প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, অপরাধ বা অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা কিংবা জেলা পুলিশের নির্ধারিত সেবা নম্বরে জানাতে অনুরোধ করা হচ্ছে।