নরসিংদীর রায়পুরা উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইটি ফার্মেসির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুইটি পৃথক মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর তত্ত্বাবধায়ক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
এ সময় রায়পুরা থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।