ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা এক নারীসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে বোয়ালমারী উপজেলার সুতাসি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান বোয়ালমারী উপজেলার সুতাসি রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই জুট মিলের এক নারী শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়। আহত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংটিতে কোনো গেট বা স্বয়ংক্রিয় সিগন্যাল না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।