২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাবে সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় নয়, বরং ভারতের ভেতরেই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে।
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দেয়। তবে আইসিসির মতে, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক কারণে অত্যন্ত জটিল। এ কারণেই বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখছে আইসিসি।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে। ভারতীয় ক্রিকেটভিত্তিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই সমাধান খুঁজছে।
এ বিষয়ে আইসিসি ও টুর্নামেন্টের সহ–আয়োজক বিসিসিআই ইতিমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। সম্প্রতি গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকেই বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিসিবির নিরাপত্তা শঙ্কার পেছনে রয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। গত ৩ জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। বিসিবির প্রশ্ন—একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল, সাংবাদিক, স্পনসর ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? এই যুক্তিতেই ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ জানানো হয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের জবাবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক বলেই তুলে ধরতে পারে। সাম্প্রতিক সময়ে গুজরাটে অনুষ্ঠিত ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের আম্পায়ারিং করার ঘটনাকে উদাহরণ হিসেবে দেখানো হতে পারে।
বিশ্বকাপ শুরুর আগে সময় স্বল্পতার কারণে বিসিবির অনুরোধ মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আজ সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশকে জানাতে পারে আইসিসি। তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, সে ক্ষেত্রে বিসিবি তা গ্রহণ নাও করতে পারে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছেন, সরকারকে সঙ্গে নিয়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।