রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।
ডিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে মূল শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের একজন সহযোগী। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি সহযোগিতা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে মুছাব্বির হত্যাকাণ্ডের আরও একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, নতুন পাওয়া ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা আগের তুলনায় স্পষ্টভাবে দেখা গেছে। ওই ফুটেজ বিশ্লেষণের মাধ্যমেই আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।