মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মতিউর রহমান (৫০)। তিনি কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। অপরজন সোহেল রানা (৪০)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।