অ্যাথলেটিক বিলবাওকে একেবারে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতের সেমিফাইনালে রাফিনিয়ার জোড়া গোলের নৈপুণ্যে ৫-০ ব্যবধানে দাপুটে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। ধারাবাহিক চাপের ফল আসে ২১ মিনিটে, ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সা। মিনিট দশেকের মধ্যেই ব্যবধান বাড়ান লোপেস। এরপর ৩৪ মিনিটে দলীয় সমন্বয়ের এক চমৎকার আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন বার্দগি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে রাফিনিয়া অসাধারণ এক শটে ব্যবধান বাড়িয়ে দেন ৪-০তে।
বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। বিলবাওয়ের আক্রমণ বলতে পোস্টে লেগে ফিরে আসা একটি শটই ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বার্সেলোনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন রাফিনিয়া। এরপর দু’দলই কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়ে সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা, শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তাই দিল ফ্লিকের দল।