ভারতের কয়েকটি শহরে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগেই নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয় থেকে ভিসা প্রদান বন্ধ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে শুধু গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু রয়েছে।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে বুধবার থেকে পর্যটক ভিসা সীমিত করার বিষয়টি কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য শ্রেণির ভিসা প্রদান কার্যক্রম আগের মতোই চলমান থাকবে।
(তথ্যসূত্র- বিবিসি বাংলা)