রাজধানীর পান্থপথের গ্রিনরোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে এই গুলির ঘটনা ঘটে। এ সময় মোসাব্বিরের সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।”
পুলিশ জানায়, বসুন্ধরা মার্কেটের পেছনের এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।