যুক্তরাষ্ট্রে ভ্রমণের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য নতুন করে দুঃসংবাদ এসেছে। এখন থেকে বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের বি-১ বা বি-২ (ভিজিট ভিসা) ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ লাখ টাকা, পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত একটি পাইলট কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় রয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানায়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি বি-১ বা বি-২ ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে ভিসা সাক্ষাৎকারের সময় তাদের জন্য ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ড নির্ধারণ করা হতে পারে। আবেদনকারীর প্রোফাইল ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই অঙ্ক ঠিক করবেন কনস্যুলার কর্মকর্তা।
বন্ড জমা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট সিস্টেম Pay.gov-এর মাধ্যমে সম্মতি জানাতে হবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে এই নীতি প্রথম চালু করে যুক্তরাষ্ট্র। সে সময় অল্প কয়েকটি দেশকে তালিকাভুক্ত করা হলেও এবার সেটির পরিধি আরও বাড়ানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, নেপাল, ভুটান, নাইজেরিয়া, কিউবা, তানজানিয়া, সেনেগাল, উগান্ডাসহ মোট ২৫টি দেশ। বিভিন্ন দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকরের তারিখ আলাদা হলেও বাংলাদেশের জন্য তা কার্যকর হবে ২১ জানুয়ারি ২০২৬ থেকে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটক ও স্বল্পমেয়াদি ভিসাপ্রত্যাশীদের ওপর আর্থিক চাপ বাড়বে এবং ভিসা আবেদন প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।