শরীয়তপুরের ডামুড্যায় পল্লী চিকিৎসক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। টাকা ছিনিয়ে নিতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরে র্যাব-৮ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।
তিনি জানান, শনিবার মধ্যরাতে কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুর উপজেলার বাজিতপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন,
- সোহাগ খান (২৭), পিতা: বাবুল খান
- রাব্বি মোল্লা (২১), পিতা: সামসুদ্দিন মোল্লা
- পলাশ সরদার (২৫), পিতা: শহীদ সরদার
তিনজনই শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা খোকন দাসকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮-এর অধিনায়ক শাহাদাত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।