বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে আলোচনা করেন। সে সময় বেশির ভাগ পরিচালক কড়া কোনো সিদ্ধান্তে না যাওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তী সময়ে সরকারের মনোভাব জানার পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।
এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, খুব শিগগিরই বিসিবির অবস্থান স্পষ্ট করে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে উগ্রপন্থীদের হুমকির বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বিশ্বকাপ সামনে রেখে আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।