তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তার না হওয়া ও তদন্তে অগ্রগতি না থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন কলেজটির শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ফার্মগেট এলাকায় তাদের এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবরোধের ফলে ফার্মগেট, কারওয়ান বাজার ও বিজয় সরণি এলাকাসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানাকে হত্যার ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাদের অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি মামলা তুলে নিতে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, আজকের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সড়ক ছাড়বেন না।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে। তিনি বলেন, “কর্মদিবস হওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামীরা ভোগান্তিতে পড়ছেন। আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে কলেজের সামনে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার হয়নি এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সতর্ক অবস্থায় রয়েছে।