ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নওগাঁর চারপাশ। তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ ডিগ্রি কম।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকছে। এর সঙ্গে হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা কমতে শুরু করে। রাত যত বাড়ছে, শীতও তত তীব্র হচ্ছে।
শীতের প্রকোপ উপেক্ষা করেই অনেক মানুষকে জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে। তবে কনকনে ঠান্ডায় তাদের বেশ ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে জানান তারা।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, গত কয়েকদিন ধরেই নওগাঁয় ভোরবেলা ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দুপুরের দিকে সূর্যের আলো উঠলে শীত কিছুটা কমে আসে। তবে ভোর থেকে কুয়াশা এত ঘন থাকে যে বৃষ্টির মতো ঝরে পড়ছে।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলোতেও নওগাঁসহ উত্তরাঞ্চলে শীতের এই ধারা অব্যাহত থাকতে পারে।