নতুন বছরের শুরুতে ভক্তদের সঙ্গে সরাসরি লাইভ আড্ডায় অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে আড্ডার একপর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে করা এক প্রশ্নে বিরক্তি প্রকাশ করে কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
লাইভ শুরুর দিকেই প্রভা ভক্তদের অনুরোধ জানান, অপ্রাসঙ্গিক ও ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে চলতে। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবুও এক ভক্ত প্রশ্ন করেন— “বিয়ে করবেন কবে?”
এই প্রশ্নে বিরক্ত হয়ে প্রভা বলেন, এমন প্রশ্ন করা অশোভন আচরণ। তিনি বলেন,
“বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছি না কেন, ডিভোর্স কেন হলো— এসব প্রশ্ন করা ঠিক না। আমি একজন মানুষ। আল্লাহ যখন চাইবেন, তখনই বিয়ে হবে।”
অভিনেত্রী আরও বলেন, বিয়ে, জন্ম ও মৃত্যু মানুষের নিয়ন্ত্রণে নয়—সবই সৃষ্টিকর্তার নির্ধারিত। এসব বিষয়ে বারবার প্রশ্ন করা ব্যক্তিগত সীমা লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়,
“সবারই সংসারের স্বপ্ন থাকে। কিন্তু এখন না হলে নিশ্চয়ই এর পেছনে আল্লাহর কোনো ভালো পরিকল্পনা রয়েছে।”
প্রভা আক্ষেপ করে বলেন, অনেকেই না বুঝে এমন প্রশ্ন করেন, যা কারও জন্য কষ্টদায়ক ও অপমানজনক হতে পারে। তবে বিষয়টি সবাই উপলব্ধি করেন না বলেও জানান তিনি।
এদিকে কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন সাদিয়া জাহান প্রভা। গেল বছর প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটে তার। সামনে তাকে দেখা যাবে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ শিরোনামের দুটি সিনেমায়।